
দ্রাক্ষারস ফুরিয়ে গেলে যিশুর মা তাঁকে বললেন, “ওদের দ্রাক্ষারস নেই।” [আর] যিশু তাঁকে বললেন, “হে নারী, তোমার এই উদ্বেগের সঙ্গে আমার কী সম্পর্ক? আমার সময় এখনও আসেনি।” তাঁর মা পরিবেশকদের বললেন, “তিনি তোমাদের যা বলেন, তা-ই করো।” যোহন 2:3-5
যিশুর প্রথম অলৌকিক কাজের সময় আমাদের ধন্যা মা এই কথাগুলো বলেছিলেন: “তিনি তোমাদের যা বলেন, তা-ই করো।” এই গভীর ও শক্তিশালী কথাগুলো সহজেই আমাদের আধ্যাত্মিক জীবনের ভিত্তি হয়ে উঠতে পারে।
ক্রুশের পাদদেশে আমাদের ধন্যা মা যদি তাঁর পুত্রকে কিছু বলতেন, তবে কী বলতেন? তিনি কি হতাশা বা বিভ্রান্তি, যন্ত্রণা বা ক্রোধের কথা বলতেন? না, তিনি সেই একই কথা বলতেন, যা কান্নার বিবাহভোজে বলেছিলেন। তবে এবার তিনি সেবকদের না বলে তাঁর পুত্রকেই কথাগুলো বলতেন। “আমার প্রিয় পুত্র, যাকে আমি সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি, স্বর্গস্থ পিতা তোমাকে যা বলেন, তা-ই করো।”
অবশ্যই যিশুর এই পরামর্শের প্রয়োজন ছিল না, তবুও তিনি তাঁর মায়ের কাছ থেকে তা গ্রহণ করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন, তাঁর মা যেন তাঁকে পরিপূর্ণ ভালোবাসার এই কথাগুলো বলেন। কানায় একসময় বলা এই কথাগুলো নিয়ে ধ্যান করতে করতে, ক্রুশে তাঁর যন্ত্রণাভোগের সময় আমাদের ধন্যা মা ও তাঁর ঐশ্বরিক পুত্র যখন পরস্পরের দিকে তাকিয়েছিলেন, তখন তাঁরা নিশ্চয়ই গভীর একাত্মতা অনুভব করেছিলেন। মা ও পুত্র দুজনেই জানতেন যে তাঁর মৃত্যুর মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মঙ্গলসাধন হচ্ছিল। তাঁরা দুজনেই জানতেন যে স্বর্গস্থ পিতার ইচ্ছা ছিল নিখুঁত। তাঁরা দুজনেই এই পবিত্র ইচ্ছা পূরণের জন্য আকুল হয়েছিলেন এবং নিঃশর্তভাবে তা গ্রহণ করেছিলেন। আর নীরবে পরস্পরের দিকে তাকিয়ে থাকার সময় এই কথাগুলো নিশ্চয়ই তাঁদের দুজনের হৃদয়ে ছিল:
“আমার প্রিয় পুত্র, তোমার স্বর্গস্থ পিতা তোমার কাছে যা চান, তা-ই করো।”
আজ এই কথাগুলো নিয়ে ধ্যান করুন এবং জানুন যে মা ও পুত্র আপনাকেও এই কথাগুলো বলছেন। জীবনে আপনি যা-কিছুরই মুখোমুখি হোন না কেন, আমাদের ধন্যা মা ও তাঁর ঐশ্বরিক পুত্র আপনাকে ভালোবাসা ও আনুগত্যের এই মহিমাময় আদেশ মেনে চলতে আহ্বান করছেন। তাঁরা আপনাকে সব সংগ্রামের মধ্যেও, সুসময়ে ও দুঃসময়ে, যন্ত্রণায় ও আনন্দে বিশ্বস্ত থাকতে সনির্বন্ধ অনুরোধ করছেন। জীবনে আপনার যে অভিজ্ঞতাই হোক না কেন, এই কথাগুলো যেন সবসময় আপনার মনে ও হৃদয়ে ধ্বনিত হয়। “তিনি আপনাকে যা বলেন, তা-ই করুন।” এই পবিত্র কথাগুলো শুনতে ও গ্রহণ করতে দ্বিধা করবেন না।
পরম প্রিয় মা, তুমি পরিপূর্ণ প্রজ্ঞার কথা বলো। তোমার সব প্রিয় সন্তানকে তুমি স্বর্গস্থ পিতার পরিপূর্ণ ইচ্ছা গ্রহণ করতে আহ্বান করো। এই কথাগুলো শুধু আমাকেই বলা হয়নি। প্রথমে তোমার হৃদয়ের গভীরে তোমাকেই এগুলো বলা হয়েছিল। আর তুমি যাঁদেরই সাক্ষাৎ পেয়েছ, তাঁদের সবার কাছে ভালোবাসার এই আদেশ প্রকাশ করেছ। তুমি নীরবে তোমার নিজের ঐশ্বরিক পুত্রকেও এই কথাগুলো বলেছ।
আমার স্নেহময়ী মা, তুমি আমাকে যে কথাগুলো বলছ, তা শুনতে আমাকে সাহায্য করো। তোমার প্রার্থনার শক্তিতে আমাকে সাহায্য করো, যেন আমার জীবনে ঈশ্বরের পরিপূর্ণ ইচ্ছা গ্রহণ করার এই আহ্বানে সাড়া দিতে পারি।
আমার অমূল্য যিশু, তুমি আমাকে যা-কিছু আদেশ করো, আমি তার সবই পালন করার সিদ্ধান্ত নিচ্ছি। আমি নিঃশর্তে তোমার ইচ্ছা বেছে নিচ্ছি এবং জানি যে তুমি আমাকে তোমার পদাঙ্ক অনুসরণ করতে আহ্বান করছ। ক্রুশের কষ্ট যেন কখনো আমাকে নিরুৎসাহিত না করে, বরং তোমার পরিপূর্ণ ইচ্ছার শক্তিতে যেন আমি রূপান্তরিত হই।
মা মরিয়ম, আমার জন্য প্রার্থনা করো। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।
পঞ্চদশ দিন – ঈশ্বরের বাণী শোনা ও পালন করা
ই-বুক & পেপারব্যাক সংস্করণে পাওয়া যাচ্ছে!

