বাংলা

চতুর্দশ দিন: ভ্রান্ত অনুমান

তপস্যাকালের দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার

প্রথম প্রলোভনে শয়তান আমাদের প্রভুকে আরও বলে, “…আদেশ দাও, যেন এই পাথরগুলো রুটি হয়ে যায়।” আমরা ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে ধ্যান করেছি যে, ঈশ্বরের পুত্র হিসেবে যিশুর পরিচয়কে সূক্ষ্মভাবে প্রশ্ন করার মধ্য দিয়ে এই প্রলোভন শুরু হয়। কিন্তু এরপর শয়তান ভ্রান্ত অনুমান করার ভুল করে। শয়তান ধরে নিয়েছিল, চল্লিশ দিন ও রাত উপবাস করার ফলে যিশু এতটাই ক্ষুধার্ত ছিলেন যে, নিজের ক্ষুধা মেটাতে পাথরকে রুটিতে পরিণত করার সুযোগ তিনি লুফে নেবেন।

প্রথমত, এটি শয়তানের নির্বুদ্ধিতা প্রকাশ করে। মনে হয়, শয়তান ভেবেছিল যে মরুভূমির শুষ্ক ও কঠোর পরিবেশে চল্লিশ দিন প্রার্থনা ও উপবাসের মধ্য দিয়ে স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে যিশু যে আধ্যাত্মিক খাদ্য লাভ করেছিলেন, তার চেয়ে তিনি পেটের খাবারকেই বেছে নেবেন। আমাদের প্রভু এই প্রলোভন প্রত্যাখ্যান করলেও আমরা প্রায়ই স্বেচ্ছায় তা গ্রহণ করি। 

শয়তান যখন আমাদের দিকে তাকিয়ে আমাদের প্রলোভিত করার সিদ্ধান্ত নেয়, তখন সে সাধারণত ধরে নেয় যে আমাদের মধ্যে কোনো না কোনো ক্ষুধা রয়েছে এবং সেই ক্ষুধা মেটাতে যা দরকার, তা করতে আমরা রাজি আছি। এই ক্ষুধা শুধু খাবারের জন্য নয়; তা তৃপ্তিলাভের যেকোনো অসংযত আকাঙ্ক্ষাও হতে পারে। আপনি সবচেয়ে বেশি যেসব বিষয় নিয়ে ভাবেন, যেগুলো নিয়ে আচ্ছন্ন থাকেন, যেগুলো প্রবলভাবে কামনা করেন, কিংবা স্বার্থপরতার কারণে যেগুলো এড়িয়ে চলেন—সেগুলো মনে করলে নিজের জীবনের সেই অসংযত আকাঙ্ক্ষাগুলো খুঁজে পাবেন। দুঃখজনকভাবে, আমাদের সম্পর্কে শয়তানের ধারণা প্রায়ই সঠিক হয়। আমরা প্রায়ই এমন কিছু বেছে নিই, যা সবচেয়ে সহজ এবং সবচেয়ে আনন্দদায়ক, মনোরঞ্জক ও তাৎক্ষণিক তৃপ্তিদায়ক। শয়তান আমাদের বলে, “এই ভোগটুকু তোমার প্রাপ্য। তুমি তা অর্জন করেছ। নিজেকে পুরস্কার দাও।” অথবা শয়তান এই বলে আমাদের প্রলোভিত করতে পারে, “এটা খুব কঠিন। তোমার কাছে অতিরিক্ত আশা করা হচ্ছে। এভাবে নিজের ওপর বোঝা চাপিয়ো না।”

প্রত্যেক খ্রিস্টবিশ্বাসীর লক্ষ্য হতে হবে একটিই। যেকোনো পরিস্থিতিতে আমাদের ঈশ্বরের ইচ্ছাই বেছে নিতে হবে, এমনকি তাঁর ইচ্ছা পালনের জন্য অনেক ত্যাগস্বীকার করতে হলেও। আরও সহজে তা করতে হলে, আমাদের সেই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে, যেগুলোর কারণে শয়তান আমাদের সম্পর্কে এমন আত্মবিশ্বাসের সঙ্গে অনুমান করতে পারে। শয়তান কি জানে যে আপনি নিয়মিত খাবার বা পানীয়ের মধ্যে তৃপ্তি খোঁজেন? তাহলে সে আপনাকে সেভাবেই প্রলোভিত করবে। সে কি জানে যে আপনি অলসতার সঙ্গে লড়াই করেন? তাহলে সে এই কৌশলই ব্যবহার করবে। শয়তান আমাদের সম্পর্কে অনুমান করে যে প্রলোভনগুলো আনবে, সেগুলো চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট অভ্যাসগুলো শুদ্ধ করার চেষ্টা করাই হতে হবে আমাদের লক্ষ্য, যেন সেই অশুভ জনের অনুমান ভুল প্রমাণিত হয়।

আপনার সম্পর্কে শয়তান যেসব অনুমান করে, সেগুলো নিয়ে গভীরভাবে ভাবুন। পিতার ইচ্ছা ছিল যে আমাদের প্রভু সেই চল্লিশ দিন ও রাত উপবাস করবেন। সেই ইচ্ছার প্রতি বিশ্বস্ত থাকার বদলে দৈহিক ক্ষুধা মেটানোর প্রলোভন যখন তাঁর সামনে এল, তখন সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে সহজ ছিল। দেহের তৃপ্তিসাধন যিশুর কাছে কোনো গুরুত্ব বহন করত না, কারণ মানুষ হিসেবে তিনি আরও অনেক গভীর পরিতৃপ্তি লাভ করেছিলেন। তাঁর খাদ্য ও তাঁর তৃপ্তি ছিল তাঁর পিতার ইচ্ছা পালন করা। আমাদের প্রভুকে অনুকরণ করার চেষ্টা করতে হবে এবং যত মূল্যই দিতে হোক না কেন, সহজ, দৈহিক বা ভোগবিলাসের পথের বদলে সবসময় পিতার ইচ্ছাই বেছে নিতে হবে। তা করলে আমরা দেখব যে শয়তানের প্রলোভনগুলো শুধু নিষ্ফলই নয়, নির্বোধও বটে।

হে প্রলোভনের সম্মুখীন আমার প্রভু, শয়তান তার নির্বুদ্ধিতায় ভেবেছিল, চল্লিশ দিন উপবাসের পর তোমাকে ক্ষুধা মেটানোর লোভ দেখিয়ে প্রলুব্ধ করতে পারবে। তোমার পবিত্র জীবন বলিরূপে উৎসর্গ করার সংকল্প কতটা দৃঢ়, তা শয়তান স্পষ্টতই বুঝতে পারেনি। সেই একই নির্বুদ্ধিতার কারণে শয়তান তোমার বিরুদ্ধে ঘৃণা উসকে দিয়েছিল, যা তোমার ক্রুশবিদ্ধ হওয়ার দিকে নিয়ে গিয়েছিল। তোমার নিঃস্বার্থতা ও আত্মত্যাগই সর্বদা চূড়ান্ত বিজয় লাভ করেছে। তোমাকে অনুকরণ করার জন্য আমার যে অনুগ্রহ প্রয়োজন, দয়া করে আমাকে তা দাও, যেন পাপের নির্বুদ্ধিতা ও সেই অশুভ জনের প্রলোভন জয় করার জন্য প্রয়োজনীয় সাহস ও শক্তি আমি পাই। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

আরও দেখুন: চতুর্দশ দিন: ক্রুশের পাদদেশে 40 দিন

সূচিপত্র

তপস্যাকালের জন্য আরও

এই পৃষ্ঠাটি শেয়ার করুন: