প্রশ্ন: আমাদের শিশু-কিশোরদের জন্য বর্তমান গণমাধ্যম সম্পর্কে আপনার মতামত কী? বই? চলচ্চিত্র? সেগুলো যদি বাস্তব জীবন তুলে ধরে, সে বিষয়ে আপনি কী মনে করেন?
উত্তর: বই, চলচ্চিত্র, টিভি, রেডিও, ইন্টারনেট…আজ প্রতিদিন আমরা নানাভাবে বিনোদন ও তথ্য পাই; কেউ কেউ হয়তো বলবেন, এসব আমাদের ওপর “অবিরাম আঘাত হানে”। ভেবে দেখার মতো বিষয় হলো, যোগাযোগের এই সব মাধ্যমের মধ্যে কেবল বই-ই এক শতাব্দীরও অনেক বেশি সময় ধরে আছে! আধুনিক যোগাযোগের অন্য প্রতিটি মাধ্যম মানবসমাজে অতি সম্প্রতি এসেছে। আমি প্রায়ই ভাবি, গণমাধ্যমের এই নতুন ধরনগুলো আজ আমাদের ওপর কী ধরনের প্রভাব ফেলছে।
আপনি বর্তমান গণমাধ্যমের এই ধরনগুলো সম্পর্কে আমার মতামত জানতে চেয়েছেন। বিশেষ করে, বই ও চলচ্চিত্র যখন “বাস্তব জীবন তুলে ধরে”, তখন সেগুলো সম্পর্কে আমি কী মনে করি, তা জানতে চেয়েছেন। এ বিষয়ে কয়েকটি ভাবনা তুলে ধরছি।
আমার প্রথম কথা হলো, কল্পনাকে জাগিয়ে তোলা এবং আবেগকে আলোড়িত করার অসাধারণ ক্ষমতা বই ও চলচ্চিত্রের আছে। এ কারণেই এগুলো আমাদের বিনোদন দেয়! সত্যের সঙ্গে মিল রেখে কল্যাণের উদ্দেশ্যে কল্পনা ও আবেগকে জাগিয়ে তোলা হলে তা ভালো হতে পারে। কিন্তু বই ও চলচ্চিত্র আমাদের কল্পনা ও আবেগকে অস্বাস্থ্যকরভাবেও আলোড়িত করতে পারে।
বই বা চলচ্চিত্রটি যদি বাস্তব জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়, তাহলে কী হবে? “সত্য ঘটনা অবলম্বনে” তৈরি হলেই কি তা আপনাআপনি গ্রহণযোগ্য ও সুস্থ হয়ে যায়? আমার বিচারে, না। কোনো কিছু আমাদের জগতের বাস্তবতার ওপর ভিত্তি করে তৈরি বলেই যে তা অবশ্যই আমাদের জন্য স্বাস্থ্যকর হবে, এমন নয়। আমাদের জগতে এমন অনেক কিছু আছে, যা “বাস্তব”, কিন্তু সেগুলো নিয়ে ভেবে সময় কাটানোও সার্থক নয়, সেগুলো থেকে বিনোদন পাওয়া তো দূরের কথা।
লয়োলার সাধু ইগনাসিয়ুসের জীবন থেকে একটি উদাহরণ দিই। মনপরিবর্তনের আগে সাধু ইগনাসিয়ুস সেই সব বীর নাইটদের কাহিনি পড়তে ভালোবাসতেন, যাঁরা খ্যাতি ও গৌরব অর্জন করেছিলেন। বীরত্ব ও প্রেমের কাহিনিও তিনি ভালোবাসতেন। এসব পড়ে তিনি অনুপ্রাণিত হতেন এবং কল্পনা করতেন, একই রকম খ্যাতি ও গৌরব অর্জন করতে, অন্যদের শ্রদ্ধা পেতে এবং রাজদরবারের কোনো অভিজাত নারীর হৃদয় জয় করতে কেমন লাগবে। একদিন ইগনাসিয়ুস যুদ্ধে আহত হন এবং সুস্থ হয়ে উঠতে তাঁকে কয়েক মাস বিছানায় কাটাতে হয়। তিনি তাঁর প্রিয় বইগুলো পড়তে চাইলেন, কিন্তু সেখানে শুধু খ্রিস্টের জীবনী এবং সাধুসাধ্বীদের নিয়ে লেখা একটি বই পাওয়া গেল। এই বইগুলো পড়তে পড়তে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হলেন এবং একজন সাধু হলে কেমন হবে, তা কল্পনা করতে লাগলেন। তারপর এই দুই ধরনের বই এবং তাঁর ওপর সেগুলোর প্রভাবের মধ্যে তিনি একটি পার্থক্য লক্ষ করলেন। নাইটদের বীরত্ব ও প্রেমের কাহিনি পড়লে তিনি সঙ্গে সঙ্গেই আলোড়িত ও অনুপ্রাণিত হতেন, কিন্তু কিছুক্ষণ পরেই অন্তরে শুষ্কতা ও অস্থিরতা অনুভব করতেন। সাধুসাধ্বীদের কাহিনি পড়েও তিনি গভীরভাবে অনুপ্রাণিত হতেন। পার্থক্যটি ছিল এই যে, এই বইগুলো পড়ে তাঁদের মতো জীবনযাপন করার যে প্রেরণা ও উৎসাহ তিনি পেতেন, তা তাঁকে শুষ্ক ও অস্থির না করে শান্তি ও তৃপ্তিতে ভরিয়ে দিত।
আপনাদের প্রতি আমার পরামর্শ হলো এই: আমরা আমাদের মনে যা গ্রহণ করি, তা আমাদের প্রভাবিত করে। শুধু আমাদের এই দুঃখময় ও পতিত জগতের বাস্তবতা তুলে ধরে এমন বই ও চলচ্চিত্রের বদলে, খ্রিস্টবিশ্বাসী হিসেবে যে গুণাবলি অর্জনের জন্য আমরা আহ্বান পেয়েছি, সেগুলো তুলে ধরে এমন বই ও চলচ্চিত্র খুঁজে নিন। আর কোনো বিশেষ ধরনের চলচ্চিত্র বা বই কল্যাণকর কি না, সে বিষয়ে নিশ্চিত না হলে, আপনার বা আপনার সন্তানদের ওপর সেটির প্রভাব লক্ষ করুন। ইগনাসিয়ুস যেমন উপলব্ধি করেছিলেন, তেমনি যা কিছু পড়ার বা দেখার যোগ্য, তা আমাদের অন্তরে স্থায়ী শান্তি ও তৃপ্তি রেখে যাওয়া উচিত।
