
আমি আজ নিজের সঙ্গে বেঁধে নিই
ত্রিত্বের শক্তিশালী নাম,
সেই নাম আহ্বান করে,
একের মধ্যে তিন, আর তিনের মধ্যে এক।
আমি আজ চিরকালের জন্য নিজের সঙ্গে বেঁধে নিই,
বিশ্বাসের শক্তিতে, খ্রিস্টের মানবদেহ ধারণ;
জর্ডন নদীতে তাঁর বাপ্তিস্ম;
আমার পরিত্রাণের জন্য ক্রুশে তাঁর মৃত্যু;
সুগন্ধিদ্রব্যে সুরভিত সমাধি ভেঙে তাঁর বেরিয়ে আসা;
স্বর্গপথে তাঁর ঊর্ধ্বারোহণ;
শেষ বিচারের দিনে তাঁর আগমন;*
এসবই আমি আজ নিজের সঙ্গে বেঁধে নিই।
আমি নিজের সঙ্গে বেঁধে নিই সেই শক্তি,
যা কেরুবদূতদের মহান ভালোবাসায়;
বিচারের ক্ষণে মধুর সেই ‘সাবাশ’ বাণী,
সেরাফদূতদের সেবা,
বিশ্বাসের সাক্ষীদের বিশ্বাস, প্রেরিতদের বাণী,
পিতৃপুরুষদের প্রার্থনা, নবীদের পুস্তকরাজি,
প্রভুর উদ্দেশে করা সব সৎকাজ,
আর কুমারী আত্মাদের পবিত্রতা।
আমি আজ নিজের সঙ্গে বেঁধে নিই
তারাভরা আকাশের শক্তি,
মহিমাময় সূর্যের জীবনদায়ী রশ্মি,
সন্ধ্যার চাঁদের শুভ্রতা,
বাধাহীন বিদ্যুতের ঝলকানি,
ঘূর্ণিবাতাসের ঝোড়ো আঘাত,
সুদৃঢ় পৃথিবী, গভীর লবণাক্ত সাগর,
সেই প্রাচীন চিরস্থায়ী শিলারাশির চারপাশে।
আমি আজ নিজের সঙ্গে বেঁধে নিই
আমাকে ধরে রাখতে ও পথ দেখাতে ঈশ্বরের শক্তি,
আমার ওপর নজর রাখতে তাঁর চোখ, আমাকে সমর্থন দিতে তাঁর পরাক্রম,
আমার প্রয়োজনের কথা শুনতে তাঁর কান।
আমাকে শিক্ষা দিতে আমার ঈশ্বরের প্রজ্ঞা,
পথ দেখাতে তাঁর হাত, রক্ষা করতে তাঁর ঢাল,
আমার মুখে কথা জোগাতে ঈশ্বরের বাণী,
আমার প্রহরী হতে তাঁর স্বর্গীয় বাহিনী।
পাপের শয়তানি ফাঁদের বিরুদ্ধে,
যে দোষ প্রলোভনকে শক্তি দেয়, তার বিরুদ্ধে,
অন্তরে যুদ্ধরত স্বভাবজাত কামনার বিরুদ্ধে,
আমার পথ নষ্ট করে এমন শত্রুভাবাপন্ন লোকদের বিরুদ্ধে;
তারা অল্প হোক বা অনেক, দূরে হোক বা কাছে,
সব স্থানে আর সব সময়ে,
তাদের তীব্র শত্রুতার বিরুদ্ধে,
আমি নিজের সঙ্গে বেঁধে নিই এই পবিত্র শক্তিগুলো।
শয়তানের সব মন্ত্র আর ছলনার বিরুদ্ধে,
ভ্রান্ত ধর্মমতের মিথ্যা কথার বিরুদ্ধে,
কলুষিত করে এমন জ্ঞানের বিরুদ্ধে,
হৃদয়ের প্রতিমাপূজার বিরুদ্ধে,
জাদুকরের অশুভ বিদ্যার বিরুদ্ধে,
মরণঘাতী ক্ষত আর আগুনে দগ্ধ হওয়ার বিরুদ্ধে,
শ্বাসরোধকারী ঢেউ আর বিষাক্ত তিরের বিরুদ্ধে,
হে খ্রিস্ট, তোমার ফিরে আসা পর্যন্ত আমাকে রক্ষা করো।
খ্রিস্ট থাকুন আমার সঙ্গে, খ্রিস্ট আমার অন্তরে,
খ্রিস্ট আমার পেছনে, খ্রিস্ট আমার সামনে,
খ্রিস্ট আমার পাশে, খ্রিস্ট আমাকে জয় করে নিতে,
খ্রিস্ট আমাকে সান্ত্বনা দিতে ও আবার সুস্থ করে তুলতে।
খ্রিস্ট আমার নিচে, খ্রিস্ট আমার ঊর্ধ্বে,
খ্রিস্ট শান্তিতে, খ্রিস্ট বিপদে,
খ্রিস্ট আমাকে ভালোবাসে এমন সবার হৃদয়ে,
খ্রিস্ট বন্ধু ও অপরিচিতজনের মুখে।
আমি নিজের সঙ্গে বেঁধে নিই সেই নাম,
ত্রিত্বের শক্তিশালী নাম;
সেই নাম আহ্বান করে।
একের মধ্যে তিন, আর তিনের মধ্যে এক,
যাঁর কাছ থেকে সমস্ত প্রকৃতির সৃষ্টি,
চিরন্তন পিতা, আত্মা, বাণী:
আমার পরিত্রাণের প্রভুর প্রশংসা হোক,
পরিত্রাণ প্রভু খ্রিস্টের কাছ থেকেই আসে।
আমেন।
প্রধান ছবি: লরেন্স ওপি, ফ্লিকার
সাধু প্যাট্রিক সম্পর্কে আরও>>>
