বাংলা

প্রশ্ন: “সংগত” কারণে খ্রিস্টযাগে যোগ না দেওয়া

প্রশ্ন: বিপজ্জনক আবহাওয়া বা বাড়িতে অসুস্থ শিশুর দেখাশোনা করার মতো যুক্তিসংগত কারণে রবিবারের খ্রিস্টযাগে যোগ দিতে না পারলে কি আমাদের পাপ হয়?

উত্তর: এটি একটি ভালো ও বাস্তবসম্মত প্রশ্ন। আমি নিশ্চিত, অনেকেই মাঝেমধ্যে এমন পরিস্থিতির মুখোমুখি হন। তাই প্রশ্নটি করার জন্য ধন্যবাদ! আমার মনে হয় উত্তরটি খুবই সহজ। আর আমার মনে হয়, উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রথমে স্পষ্ট করা যে, কেন আমরা রবিবার ও নির্দিষ্ট কিছু পবিত্র দিনে খ্রিস্টযাগে যোগ দিতে “বাধ্য”।

প্রথমেই বলা দরকার, আমাদের এই সময়ে, আমরা যে সংস্কৃতিতে বাস করি, সেখানে কর্তৃত্ব এবং কী করতে হবে তা বলে দেওয়াকে অপছন্দ করার একটি প্রবণতা আছে। আমরা আমাদের স্বাধীনতাকে মূল্য দিই। কিন্তু কখনো কখনো আমরা তাকে এতটাই মূল্য দিই যে, আমাদের জীবনে বৈধ কর্তৃত্বের ভূমিকা ভুলে যাই। মা-বাবারা জানেন, সন্তানদের, বিশেষ করে কিশোর-কিশোরীদের, কী করতে হবে এবং নিয়মকানুন কী—এসব বলে দেওয়া তারা পছন্দ করে না। কিন্তু এমন নির্দেশনা দেওয়া ভালোবাসারই একটি কাজ এবং তা প্রয়োজনীয়। একইভাবে, ঈশ্বর মণ্ডলীকে, বিশেষ করে পোপের মাধ্যমে, উপাসনার জন্য নির্দিষ্ট কিছু দিন পালনে আমাদের বাধ্য করার কর্তৃত্ব দিয়েছেন। কিন্তু আমাদের কখনো ভুলে যাওয়া উচিত নয় যে, এটি একটি অনুগ্রহ এবং কল্যাণকর বিষয়! পবিত্র খ্রিস্টযাগে ঈশ্বরের উপাসনার বিষয়ে তিনি কী চান, তা নিশ্চিতভাবে জানার এটি একটি উপায়। তাই এই কর্তৃত্ব প্রয়োগ করে মণ্ডলী আমাদের রবিবারে এবং নির্দিষ্ট কিছু পবিত্র দিনে খ্রিস্টযাগে অংশ নিয়ে উপাসনা করতে বাধ্য করেছে। আবারও বলি, এটি কল্যাণকর এবং সবকিছু একা একা বুঝে নেওয়ার বোঝা থেকে আমাদের মুক্ত করে।

এই কথাগুলো মনে রেখে এবং ওই দিনগুলোতে খ্রিস্টযাগে অংশ নেওয়ার বাধ্যবাধকতা সঠিকভাবে বুঝে বলছি, হ্যাঁ, নিজের দোষে ইচ্ছাকৃতভাবে খ্রিস্টযাগে অংশ না নেওয়া পাপ। এটি অবাধ্যতার কাজ এবং পবিত্র খ্রিস্টযাগের পবিত্রতার প্রতিও অবজ্ঞা। আমি বুঝি, কারও কারও পক্ষে এটি মেনে নেওয়া কঠিন, আর কী করতে হবে তা বলা হলে কখনো কখনো আমরা সঙ্গে সঙ্গেই আত্মপক্ষ সমর্থন করতে চাই। কিন্তু যাঁরা এমন অনুভব করেন, তাঁদের প্রত্যেককে আমি ভালোবাসার সঙ্গে আহ্বান জানাতে চাই, যেন তাঁরা উপলব্ধি করেন যে এই “বাধ্যবাধকতা” আসলে ঈশ্বর ও তাঁর মণ্ডলীর ভালোবাসারই প্রকাশ।

এবার আপনার প্রশ্নের মূল কথায় আসি। আবহাওয়া খারাপ হলে, কিংবা আপনার কোনো শিশু অসুস্থ থাকলে বা এ ধরনের কোনো পরিস্থিতি হলে কী হবে? আমার মনে হয় না, এর একেবারে সাদাকালো কোনো উত্তর আছে। শুধু এটুকু বলা যায় যে, ঈশ্বর অত্যন্ত যুক্তিসংগত, আর তিনি কখনোই আমাদের ওপর এমন কোনো বোঝা চাপাবেন না, যা অযৌক্তিক ও অত্যধিক ভারী। তাই সরাসরি বললে, আমি মনে করি, এমন যথার্থ কারণ অবশ্যই থাকতে পারে, যার জন্য কেউ খ্রিস্টযাগে যোগ দেবেন না এবং সেটিই সঠিক সিদ্ধান্ত হবে। একটি স্পষ্ট উদাহরণ হতে পারে এমন একজন বয়স্ক ব্যক্তি, যিনি তুষারঝড়ের মধ্যে ভালোভাবে গাড়ি চালাতে পারেন না। আটকে পড়ার বা দুর্ঘটনার ভয়ে সেই ব্যক্তি রাস্তায় বের হওয়ার সাহস না পেলে কি ঈশ্বর রাগ করবেন? আমার মনে হয় না। আবারও বলি, ঈশ্বর অযৌক্তিক নন। আর অসুস্থ শিশুর দেখাশোনা করাও এমন আরেকটি যথার্থ কারণ হতে পারে।

তবে সতর্ক থাকুন! কখনো কখনো আমরা ঈশ্বরের উদারতার সুযোগ নিতে চাই। যুক্তিসংগত কারণে খ্রিস্টযাগে যোগ না দেওয়ার ক্ষেত্রে একটি ভালো ব্যবহারিক মাপকাঠি হলো: এমন পরিস্থিতিতে আপনি অন্য কোনো কারণেও বাইরে বের হবেন না! যেমন, তুষারপাতের কারণে খ্রিস্টযাগে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু পরে সিনেমা দেখতে, দোকানে বা ম্যাকডোনাল্ডসে গেলেন—সে ক্ষেত্রে আমরাই অযৌক্তিক আচরণ করছি এবং পরিস্থিতি নিয়ে সৎ থাকছি না। কেউ কেউ আবার ছুটি কাটাতে বাইরে থাকার মতো অসুবিধার কারণেও খ্রিস্টযাগে যোগ দেন না। কিন্তু আবারও বলি, যোগ দেওয়া অসম্ভব না হলে এটি যুক্তিসংগত অজুহাত নয়।

শেষে যে কথাটি বলব, যা খুব সহজেই চোখ এড়িয়ে যেতে পারে, তা হলো: খ্রিস্টযাগে যোগ দেওয়া যে এক অসাধারণ বিশেষাধিকার, তা আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয়! শুধু বাধ্যবাধকতা হিসেবে দেখার মানসিকতা হলো ন্যূনতমটুকু করার দৃষ্টিভঙ্গি। সত্য হলো, খ্রিস্টযাগ উদ্‌যাপনে অংশ নেওয়া এবং পবিত্র খ্রিস্টপ্রসাদে আমাদের প্রভুকে গ্রহণ করার মহান আধ্যাত্মিক সুফল উপলব্ধি করে আমাদের অন্তরে খ্রিস্টযাগে যোগ দেওয়ার গভীর আকাঙ্ক্ষা গড়ে তোলার চেষ্টা করা উচিত! আমরা যদি এই মানসিকতা অর্জন করতে পারি, তাহলে আমার মনে হয়, কী করতে হবে তা আমরা সব সময়ই বুঝতে পারব।


আরও কাথলিক প্রশ্নোত্তর 

এই পৃষ্ঠাটি শেয়ার করুন: