প্রশ্ন। আমাদের কেন প্রতি সপ্তাহে পবিত্র খ্রিস্টযাগে যেতে হয়?
উত্তর। প্রতি সপ্তাহে পবিত্র খ্রিস্টযাগে যোগ দেওয়া কি সত্যিই খুব বেশি কিছু চাওয়া? আপনার প্রশ্নকে আমি সত্যিই গুরুত্ব দিচ্ছি, তাই এ বিষয়ে কিছু বলি।
প্রথমে এমন সব জায়গায় প্রতি সপ্তাহে পবিত্র খ্রিস্টযাগে যাওয়ার প্রশ্নটি নিয়ে বলি, যেখানে প্রতি সপ্তাহে (কিংবা হয়তো প্রতিদিনও!) তা উদ্যাপন করার জন্য যথেষ্ট যাজক আছেন। আমার মনে হয়, সবচেয়ে ভালো দৃষ্টিভঙ্গি হলো, কেন আমাদের প্রতি সপ্তাহে যেতে হয়, তার চেয়ে বরং প্রতি সপ্তাহে যেতে পারা আমাদের জন্য কত বড় সৌভাগ্য, তা ভাবা। কারও কারও কাছে পবিত্র খ্রিস্টযাগ নিষ্প্রাণ, নীরস ও একঘেয়ে মনে হতে পারে। হয়তো উপদেশ থেকে আপনি তেমন কিছু পাচ্ছেন না, হয়তো সংগীত আপনার ভালো লাগছে না, হয়তো গির্জায় ঠান্ডা লাগছে, কিংবা হয়তো সারা সপ্তাহের ক্লান্তির পর আপনার শুধু একটু বেশি ঘুমাতে ইচ্ছা করছে। কারণ যা-ই হোক, এমন কিছু না কিছু কারণ সব সময়ই থাকবে, যার কথা ভেবে আমাদের না যেতে ইচ্ছা হতে পারে। কিন্তু আমাদের বুঝতে হবে যে, অন্য সবকিছু যা-ই হোক না কেন, পবিত্র খ্রিস্টযাগের স্বরূপ তাতে বদলে যায় না। আর বিশ্বাসের আলোকে যখন আমরা সত্যিই বুঝব পবিত্র খ্রিস্টযাগ কী, তখন আমরা কখনোই তা বাদ দিতে চাইব না!
ঈশ্বর প্রতি সপ্তাহে আমাদের যেভাবে পুষ্টি দেন, তার প্রধান উপায় হলো পবিত্র খ্রিস্টযাগ। পবিত্র খ্রিস্টযাগে আমরা সবচেয়ে গভীরভাবে ঈশ্বরের প্রকৃত উপস্থিতির মুখোমুখি হওয়ার আমন্ত্রণ পাই। এটি সত্যিই পৃথিবীতে আমাদের জীবনের উৎস ও শিখর। গভীর বিশ্বাস নিয়ে এবং যে মহান রহস্যের মুখোমুখি আমরা হই, তা উপলব্ধি করে যখন আমরা পবিত্র খ্রিস্টযাগে যোগ দিই, তখন আমাদের মনে আরও পাওয়ার আকুলতা ও আকাঙ্ক্ষা জাগে। বিশ্বাস ও উন্মুক্ত হৃদয় নিয়ে যখন আমরা পবিত্র খ্রিস্টপ্রসাদ গ্রহণ করি, তখন আমাদের আত্মার গভীরে যিশুর সঙ্গে মিলিত হই। তিনি আমাদের অন্তরে প্রবেশ করেন, আমাদের জীবনের পুষ্টি হিসেবে নিজেকেই দান করেন এবং আমাদের কষ্ট ও সংগ্রামকে আনন্দে রূপান্তরিত করেন। আমাদের পরিবর্তন করার এবং ঈশ্বরের আরও কাছে টেনে নেওয়ার অসীম শক্তি রয়েছে পবিত্র খ্রিস্টযাগের। ঈশ্বর আমাদের যেমন করে গড়ে তুলতে চান, জীবনে তেমন হয়ে উঠতে সাহায্য করার অসীম শক্তি এর রয়েছে। পবিত্র খ্রিস্টযাগে আমরা খ্রিস্টের সঙ্গে এক হয়ে উঠি, যাতে সাধু পলের সঙ্গে আমরাও বলতে পারি, “এখন আর আমি বেঁচে নেই, বরং খ্রিস্টই আমার মধ্যে বেঁচে আছেন” (গালাতীয়দের প্রতি পত্র 2:20)।
হয়তো এটি বোঝা কঠিন, কিন্তু পবিত্র খ্রিস্টযাগ সম্পর্কে আরও জানতে আমি আপনাকে উৎসাহ দিচ্ছি। এ বিষয়ে অধ্যয়ন করা এবং বহু মহান সাধুসন্ত এ সম্পর্কে কী বলেছেন, তা জানা গুরুত্বপূর্ণ। আমি এমন কাউকে কখনো দেখিনি, যিনি পবিত্র খ্রিস্টযাগ গভীরভাবে বুঝেছেন, অথচ তাতে যোগ দিতে চাননি।
