পবিত্র শাস্ত্র পাঠ: প্রার্থনামগ্ন চিত্তে নিচের পাঠাংশগুলোর কয়েকটি বা সবগুলো পড়ুন:
মথি 27:1–23
মার্ক 15:1–15
লূক 23:1–5
যোহন 18:28–38
প্রেক্ষাপট: যিশু দুবার পিলাতের সামনে হাজির হন, কিন্তু শুধু লূকের সুসমাচারেই জানা যায় যে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় দেওয়ার আগে পিলাত যিশুকে হেরোদের কাছে পাঠিয়েছিলেন। অন্য সুসমাচারগুলোতে পিলাতের সামনে যিশুর বিচারকে একটানা একটি বিচার হিসেবেই তুলে ধরা হয়েছে। তবে সবগুলোতেই পিলাতের প্রথম রায় ছিল “নির্দোষ” এবং পরে ক্রমবর্ধমান চাপের মুখে তিনি অনিচ্ছায় মৃত্যুদণ্ডের রায় দেন।
এই ধ্যানে বিশেষভাবে পিলাতের প্রথম রায়ের ওপর মনোযোগ দিন, যেখানে তিনি এই সিদ্ধান্তে পৌঁছান যে যিশু নির্দোষ। তাঁর কাছে নিয়ে আসা এই ধর্মীয় বিবাদ নিয়ে পিলাতের তেমন মাথাব্যথা নেই। আর মনে হয়, তিনি বুঝতে পারেন যে যিশুর মধ্যে ধর্মময় কিছু আছে; এর একটি কারণ হলো যিশুকে নিয়ে তাঁর স্ত্রীর দেখা স্বপ্ন (দেখুন মথি 27:19)।
পিলাত ছিলেন যিহূদিয়ার রোমীয় শাসনকর্তা এবং সম্রাট তিবেরিয়ুস সিজার অগাস্টাসের অধীনস্থ ছিলেন। পিলাত কঠোর শাসক হিসেবে পরিচিত ছিলেন এবং বলপ্রয়োগ করে শান্তি বজায় রাখতে চাইতেন। তাঁর আশঙ্কা ছিল, যিশুকে ছেড়ে দিলে বিদ্রোহ ঘটতে পারে; তাই যিশুকে নির্দোষ বলে বিশ্বাস করলেও, নির্দোষ ঘোষণার পরিণতি মেনে নিতে তিনি রাজি ছিলেন না।
পিলাতের জিজ্ঞাসাবাদের মূল বিষয় ছিল যিশুর বিরুদ্ধে এই অভিযোগ যে তিনি নিজেকে রাজা মনে করতেন এবং এর মাধ্যমে পিলাত ও সম্রাটের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছিলেন।
ধ্যান: সহায়ক মনে হলে নিচের বিষয়গুলো অবলম্বন করে প্রার্থনামগ্ন চিত্তে এই দৃশ্য নিয়ে ধ্যান করুন।
- ইহুদি কর্তৃপক্ষের হাতে বন্দী অবস্থায় যিশু রাত কাটানোর পর, খুব সকালে এই প্রথম বিচার অনুষ্ঠিত হয়। যেহেতু ইহুদিরা কাউকে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারত না, তাই তারা তাঁকে রোমীয় শাসনকর্তার কাছে নিয়ে আসে এবং মৃত্যুদণ্ডের রায় চায়। তারা দাবি করে যে যিশু নিজেকে রাজা করার চেষ্টা করছেন এবং তিনি সম্রাটের জন্য হুমকি।
- দৃশ্যটি কল্পনা করুন। ধর্মীয় নেতাদের ও জনতার হত্যার অভিপ্রায় নিয়ে ভাবুন। নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য তাদের ছলচাতুরি ও সত্যকে বিকৃত করার বিষয়টিও বিবেচনা করুন।
- পিলাতের হাতে যিশুর জিজ্ঞাসাবাদের বিভিন্ন বিবরণ পড়ুন। এই ধর্মীয় বিবাদের প্রতি পিলাতের উদাসীনতা লক্ষ করুন।
- পিলাতের সামনে যিশুর নীরবতা ও সংক্ষিপ্ত উত্তরগুলো নিয়েও ধ্যান করুন। তিনি আত্মপক্ষ সমর্থন করেন না, বরং দণ্ডাদেশ গ্রহণে প্রস্তুত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকেন।
- যোহন 18:38-এ পিলাত যিশুকে বলেন, “সত্য কী?” যিশু বলেছিলেন যে তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দিতে জগতে এসেছেন; এর উত্তরে পিলাত এই কথা বলেন। নিজের জীবনের আলোকে পিলাতের সেই প্রতিক্রিয়া নিয়ে গভীরভাবে ভাবুন। সত্য কী? এই প্রশ্নের উত্তরে আপনি কী বলেন?
- পিলাত যিশুকে মুক্তি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু বাধার মুখে পড়েন। তাই তিনি অপরাধী বারাব্বাকে বাইরে নিয়ে আসেন এবং ইহুদিদের বেছে নিতে বলেন, পিলাত কাকে মুক্তি দেবেন: যিশুকে, নাকি এই পরিচিত অপরাধীকে। এই “রাজনৈতিক” বিষয়টির সমাধান করতে গিয়ে পিলাতের মনে কী চিন্তা চলছিল, তা বিবেচনা করুন।
- পরিস্থিতিটি বারাব্বার দৃষ্টিকোণ থেকেও দেখুন। লোকেরা যখন মুক্তি দেওয়ার জন্য যিশুর বদলে তাকে বেছে নিল, তখন তার মনে কী চিন্তা এসে থাকতে পারে, তা নিয়ে ধ্যান করুন।
প্রধান চিত্র: পিলাতের সামনে যিশু, প্রথম সাক্ষাৎ, তিসো
- জীবনের সিদ্ধান্ত ও সংকল্পসমূহ
- তালপত্র রবিবার
- পুণ্য বৃহস্পতিবারের পূর্ববর্তী ঘটনাবলি
- শেষ ভোজ
- বাগানে যন্ত্রণাভোগ
- যিশুকে গ্রেপ্তার করে আন্নাসের সামনে আনা হয়
- যিশুকে কাইয়াফাসের সামনে আনা হয়
- যিশুকে পিলাতের সামনে আনা হয়
- যিশুকে হেরোদের সামনে আনা হয়
- পিলাতের কাছে দ্বিতীয়বার বিচার
- যিশু তাঁর ক্রুশ বহন করেন এবং তাঁকে ক্রুশবিদ্ধ করা হয়
- যিশু ক্রুশ থেকে কথা বলেন
- যিশু ক্রুশে মৃত্যুবরণ করেন
- মায়ের কোলে যিশুর দেহ
- যিশুকে সমাধিস্থ করা হয়
- পুণ্য শনিবার
