
I. প্রস্থান
মাথার ঘাম পায়ে ফেলে আজ পর্যন্ত
আমার সব পরিশ্রমে জুটেছে শুধু কাঁটা আর আগাছা।
বলো, পিতা: এ কেমন করে সম্ভব,
এত ব্যর্থতাও তোমাকে আনন্দ দিতে পারে?
অন্যেরা তোমার জমিতে আরও ভালো বীজ বুনতে পারত।
আমার যতটুকু মূল্য, তার চেয়ে বেশি কি তোমার খরচ হয়নি আমার জন্য?
তোমাকে হতাশ করে আরও দুঃখ দেওয়ার চেয়ে
এখন আমার বিদায় নেওয়াই ভালো।
সব মালপত্র গুছিয়ে, আমার উত্তরাধিকার নিয়ে
আমি তোমার সামনে থেকে বিদায় নিই।
বিদেশের ভোগসুখ অসাড় করে দেবে সেই বেদনা,
যে বেদনা আমার সব পরিশ্রম বিফলে যাওয়ার।
যেদিন আমি চলে এসেছি, সেদিন থেকে
দুর্ভিক্ষ আমার দেহ ও হৃদয়কে অনাহারে রেখেছে।
অন্তঃসারশূন্য প্রতিশ্রুতিতে আমি বিশ্বাস করেছি।
এতটা সময় কি আমি প্রতারিত হয়েই কাটিয়েছি?
II. প্রত্যাবর্তন
বিবেক ডাকে: “ঘরে ফিরে যাও!”
সেখানে অন্তত রুটি রোজগারের আশা করতে পারি।
স্বর্গ আমার এই সব পাপের সাক্ষী।
এই শূকরগুলোর সঙ্গে আর আমি খাব না।
আমি বলব, “পিতা, আমি যা কিছু করেছি,
তার পরে তোমার পুত্র বলে পরিচিত হওয়ার যোগ্য আর নই।
কথা দিচ্ছি তোমাকে, আরও কঠোর পরিশ্রম করে
আমি আরও ভালো সেবক হব।”
ছেঁড়া কাপড় পরা, নিজেরই করা ক্ষতচিহ্নে ভরা আমাকে
দূর থেকে দেখতে পেয়েই,
তোমার পিতৃহৃদয়ের করুণা
আমায় পোশাক পরায়, বলে আর কখনো চলে না যেতে।
আমি তোমার সম্পদ অর্ধেক করেছি,
সেই আমার জন্যই কি তুমি মোটাতাজা বাছুরটি জবাই করছ?
পিতা, আমি যা হয়ে গেছি, তা আমি ঘৃণা করি।
বলো, তুমি কেমন করে উৎসব করতে পারো?
III. উৎসব
অতি প্রিয় পুত্র, তুমি একসময় আমার সঙ্গে ছিলে,
যখন ধৈর্য ধরে তোমার সঙ্গে কাজ করতাম,
সব জমিতে বীজ বুনতাম,
আর তোমার উপস্থিতিতে আনন্দ পেতাম।
হৃদয়ের অশান্তি তোমাকে ভয়ে ডুবিয়েছিল।
তুমি চলে গেলে আমি এখানেই অপেক্ষা করেছি,
দূরে কাছে সর্বত্র তোমার খোঁজ করেছি,
যেন তোমাকে আবার আমার পাশে পাই।
এখন তুমি ঘরে ফিরেছ, জীবিত ও সুস্থ আছ।
পুরোনো মিথ্যাগুলো চিরতরে দূর করে দাও!
কিছুতেই, কাউকেই তোমার ভয় পাওয়ার নেই,
যদি তুমি এখানে আমার সঙ্গে থাকো।
পিতা, আমাকে পথ হারাতে দিয়ো না।
আমার দৈনন্দিন অন্ন আজ আমাকে দাও।
অন্য কোথাও অস্থির হয়ে জেগে থাকার চেয়ে
তোমার নিশ্চিত যত্নে ঘুমিয়ে থাকা ভালো।
IV. আমন্ত্রণ
বিপথগামী ছেলেকে নিয়ে এ কী শুনছি?
সে ফিরতেই ভোজের আয়োজন?
আমার কষ্টের সেবা বন্ধ করে দেওয়াই উচিত ছিল,
তাহলে আমিও ভোজ উপভোগ করতে পারতাম।
দিনরাত কঠোর পরিশ্রম করে,
তোমার সর্বদ্রষ্টা চোখের সামনে দাসের মতো খেটেছি।
আমার একেকটি ভুল
আমাকে আরও খাটুনিতে বেঁধে রেখেছে।
অশ্রু আর ঘাম ঝরিয়ে আমার জন্য বীজ বুনেছ,
প্রিয় পুত্র, এ নিয়ে আক্ষেপ কোরো না।
তোমার লাভের হিসাব আমি ততটা করিনি,
যতটা করেছি তোমার চেষ্টা আর পরিশ্রমের কষ্টের।
তোমার ভাই এখন ফিরে এসেছে।
ঘরে এসো, যেখানে আমি আকুল হয়ে চেয়েছি,
তুমি আমাদের সঙ্গে খেতে বসবে,
আর জানবে, আমার যা কিছু আছে, সবই তোমার।
-ফাদার টিমোথি জে. ড্রেপার
প্রধান ছবি: অপব্যয়ী পুত্রের প্রত্যাবর্তন, বার্তোলোমে এস্তেবান মুরিয়োর আঁকা
