প্রশ্ন: এ বছর কলেজে এমন একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যে বৌদ্ধধর্ম পালন করে। তার ধর্মীয় কিছু অনুশীলনের প্রতি আমি আকর্ষণ বোধ করছি। আমার মনে হয়, ধ্যান করা এবং সব জীবনই পবিত্র বলে বিশ্বাস করা অনেকটা প্রার্থনা করা এবং জীবনরক্ষার পক্ষে থাকার মতো। কিন্তু তাদের মধ্যে পবিত্র খ্রিস্টযাগ ও পবিত্র খ্রিস্টপ্রসাদ গ্রহণের মতো কিছুই নেই। এগুলো কাথলিকদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন, তা আমার বন্ধুকে কীভাবে বোঝাব?
উত্তর: হ্যাঁ, এমন আকর্ষণ অনেক কলেজশিক্ষার্থীর মধ্যেই দেখা যায়। আমার মনে হয়, কৈশোরের শেষভাগে এবং বিশের কোঠার প্রথম দিকে অনেকে জীবন ও আধ্যাত্মিকতা সম্পর্কে নতুন নতুন ধারণায় মুগ্ধ হন। সে কারণে বৌদ্ধধর্ম অনেকেরই কৌতূহল জাগায়। কলেজপড়ুয়া অনেকের কাছে বৌদ্ধধর্ম আকর্ষণীয় মনে হওয়ার একটি কারণ হলো, এর লক্ষ্য “বোধিলাভ”। আর এতে ধ্যান করা, শান্তিতে থাকা এবং আরও গভীর কিছু খোঁজার কিছু পথ দেখানো হয়—অন্তত বাইরে থেকে তেমনই মনে হয়।
তাহলে আমাদের কাথলিক বিশ্বাসের আলোকে আমরা বৌদ্ধধর্মকে কীভাবে বিশ্লেষণ করব? প্রথমত, বিশ্বের সব ধর্মের সঙ্গেই আমাদের কিছু বিষয়ে মিল রয়েছে। যেমন, আপনার কথা অনুযায়ী, কোনো ধর্ম যদি বলে যে আমাদের জীবনের পক্ষে অবস্থান নেওয়া উচিত, তাহলে আমরা তাদের সঙ্গে একমত হব। কোনো ধর্ম যদি বলে যে আমাদের প্রত্যেক ব্যক্তির মর্যাদাকে সম্মান করার চেষ্টা করা উচিত, তাহলেও আমরা বলতে পারি, “আমেন।” কোনো ধর্ম যদি বলে যে আমাদের প্রজ্ঞা অর্জনের চেষ্টা করা, শান্তিতে থাকা, অন্যদের ভালোবাসা এবং মানবজাতির ঐক্যের জন্য চেষ্টা করা উচিত, তাহলে এটি আমাদের সবার একটি অভিন্ন লক্ষ্য।
মূল পার্থক্য হলো, কোন উপায়ে এসব অর্জিত হয়। কাথলিক বিশ্বাসে আমরা একটি সুনির্দিষ্ট সত্যে বিশ্বাস করি, যা হয় সত্য, নয়তো মিথ্যা (আর অবশ্যই আমরা বিশ্বাস করি যে তা সত্য)। সেই বিশ্বাসটি কী? তা হলো এই বিশ্বাস যে যিশু খ্রিস্ট ঈশ্বর এবং সমগ্র জগতের ত্রাণকর্তা! এটি অত্যন্ত গভীর ও মৌলিক একটি দাবি।
তাই, আমাদের কাথলিক বিশ্বাসের শিক্ষা অনুযায়ী যিশু যদি ঈশ্বর এবং জগতের একমাত্র ত্রাণকর্তা হন, তাহলে এটি এমন এক সর্বজনীন সত্য, যা সব মানুষের জন্যই প্রযোজ্য ও মান্য। আমরা যদি বিশ্বাস করি যে তিনি কেবল খ্রিস্টানদের ত্রাণকর্তা এবং অন্যরা অন্য ধর্মের মাধ্যমে পরিত্রাণ পেতে পারে, তাহলে আমরা এক বড় সমস্যার মুখে পড়ি। সমস্যাটি হলো, এতে যিশুকে মিথ্যাবাদী বলে গণ্য করা হয়। এই উভয়সংকট নিয়ে আমরা কী করব, আর বৌদ্ধধর্মের মতো অন্য ধর্মবিশ্বাসগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে? আমি নিচের পরামর্শগুলো দিচ্ছি।
প্রথমত, আপনি আপনার বন্ধুকে বলতে পারেন যে যিশু, সাক্রামেন্তগুলো এবং আমাদের বিশ্বাসের অন্য সব বিষয় সম্পর্কে আমরা যা বিশ্বাস করি, তা সর্বজনীন। এর অর্থ হলো, আমরা বিশ্বাস করি যে তা সবার জন্য সত্য; তাই আমরা সবসময় অন্যদের আমাদের বিশ্বাসের সমৃদ্ধি সম্পর্কে জানতে আমন্ত্রণ জানাতে চাই। আমরা তাঁদের কাথলিক বিশ্বাস সম্পর্কে জানতে আমন্ত্রণ জানাই, কারণ আমরা বিশ্বাস করি যে তা সত্য। দ্বিতীয়ত, অন্য ধর্মগুলো যেসব সত্য শিক্ষা দেয়, সেগুলো যখন আমাদেরও অভিন্ন বিশ্বাস, তখন সেই সত্যগুলো স্বীকার করতে কোনো অসুবিধা নেই। আবারও বলি, বৌদ্ধধর্ম যদি বলে যে অন্যদের ভালোবাসা এবং সম্প্রীতির সন্ধান করা ভালো, তাহলে আমরা বলি, “আমেন।” কিন্তু আমরা সেখানেই থেমে যাই না। আমাদের পরের ধাপটি নিতে হবে এবং তাঁদের জানাতে হবে যে আমরা বিশ্বাস করি, শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার পথ হলো একমাত্র ঈশ্বর ও জগতের ত্রাণকর্তার সঙ্গে গভীরভাবে একাত্ম হওয়া। আমরা বিশ্বাস করি যে প্রার্থনার চূড়ান্ত উদ্দেশ্য কেবল শান্তির সন্ধান করা নয়; বরং যিনি আমাদের শান্তি দেন, তাঁর সন্ধান করা। সবশেষে, আপনি প্রতিটি কাথলিক ধর্মাচারের (যেমন পবিত্র খ্রিস্টযাগের) গভীর অর্থ ব্যাখ্যা করতে পারেন এবং জানাতে পারেন যে আমরা বিশ্বাস করি, যেকোনো ব্যক্তি যদি কাথলিক বিশ্বাসের এই দিকগুলো বুঝতে পারেন এবং সেগুলো অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে এগুলো তাঁর জীবনকে রূপান্তরিত করতে পারে।
আশা করি, কথাগুলো আপনার কাজে আসবে! শেষ পর্যন্ত, আপনার লক্ষ্য যেন হয় সেই সমৃদ্ধ সত্যগুলো অন্যদের জানানো, যেগুলো যিশু খ্রিস্টের অনুসারী হিসেবে বুঝতে পারার এবং সে অনুযায়ী জীবনযাপন করার আশীর্বাদ আপনি পেয়েছেন!
